Logo
প্রিন্টের তারিখ: 22 September 2026 | প্রকাশের তারিখ: Sep 22, 2026

সংবাদ শিরোনাম : কানগাতী গ্রামে ৩৫ বছরের পায়ে চলার রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে ১৫ কৃষক পরিবার

কানগাতী গ্রামে ৩৫ বছরের পায়ে চলার রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে ১৫ কৃষক পরিবার
মুকুল হোসেন, সিরাজগঞ্জ ।

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কানগাতী গ্রামে দীর্ঘ প্রায় ৩০ থেকে ৩৫ বছরের পুরোনো পায়ে চলার রাস্তা বাউন্ডারি নির্মাণ করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে খোকন মিয়ার বিরুদ্ধে। এতে প্রায় ১০ থেকে ১৫ টি কৃষক পরিবারের চলাচল ও কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় আব্দুল গনি হুজুরের মেয়ের জামাই, কাজিপুর উপজেলার বেতগাড়ি গ্রামের মৃত দানেজ আলীর ছেলে এবং বর্তমানে কানগাতী গ্রামের বাসিন্দা খোকন মিয়া সম্প্রতি ওই পথটি বাউন্ডারি দিয়ে বন্ধ করে দেন। এলাকাবাসীর দাবি, এটি দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের চলাচল ও কৃষকদের জমিতে যাতায়াতের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

স্থানীয় সূত্র জানায়, গ্রামের কিছু এলাকায় উন্নয়ন হলেও কৃষকদের এই গুরুত্বপূর্ণ চলাচলের পথটি বন্ধ হয়ে যাওয়ায় কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কাঁচা সবজি ও কৃষিপণ্য হাট-বাজারে নিতে কৃষকদের কাদা-পানি মাড়িয়ে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় মোটরসাইকেল তো দূরের কথা, একটি সাইকেল নিয়েও যাতায়াত করা সম্ভব হচ্ছে না। এতে কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

অভিযোগের বিষয়ে খোকন মিয়া কাছে জানতে চাইলে তিনি বলেন 
এই যায়গাটি আমার শশুরের দেওয়া, দীর্ঘ দিনে ধরে এখান দিয়ে মানুষ চলাচল করতো এখন আমি বাউন্ডারি করছি, পাশে রেখেই, রেজাউল যদি তার ঘর ভেংগে নিয়ে যায় তাই রাস্তা বের হবে। 

এ বিষয়ে গ্রামের সচেতন মহল দ্রুত সংশ্লিষ্ট প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দীর্ঘদিনের ব্যবহৃত এ পথটি দ্রুত চলাচলের উপযোগী করে জনদুর্ভোগ নিরসনের ব্যবস্থা নেওয়া হোক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF