মোঃ নয়ন মিয়া,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনাববর হোসেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, পুরোহিত, গ্রাম পুলিশ, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি, উপকারভোগী নির্বাচনের নীতিমালা এবং সংশ্লিষ্ট দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের কার্যক্রম সম্পর্কে অবহিত করার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও সঠিক উপকারভোগী নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সেবার আওতায় আসবেন এবং কর্মসূচির সুফল আরও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছাবে। সভা শেষে অংশগ্রহণকারীরা ফ্যামিলি কার্ড কার্যক্রম সফল বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।