Logo
প্রিন্টের তারিখ: 23 July 2026 | প্রকাশের তারিখ: Jul 23, 2026

সংবাদ শিরোনাম : বৃষ্টির পানিতে ভিজে চলছে ক্লাস, দুর্ভোগে ঘোড়াচরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বৃষ্টির পানিতে ভিজে চলছে ক্লাস, দুর্ভোগে ঘোড়াচরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
মুকুল হোসেন, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঘোড়াচরা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ টিনশেড ভবনে বৃষ্টির পানির মধ্যে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। ভবনের টিনে অসংখ্য ছিদ্র থাকায় সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষে পানি পড়ে, ফলে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের একেএম শামসুদ্দিন ভবনের প্রায় ২০ হাত দীর্ঘ টিনশেডটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় মরিচা ধরে বিভিন্ন স্থানে ফুটো হয়ে গেছে। বৃষ্টি হলেই বালিকা 'খ এবং 'ঘ' শাখার শ্রেণিকক্ষে পানি পড়তে থাকে। এতে শিক্ষার্থীদের বই-খাতা ভিজে যায় এবং শিক্ষক-শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

শুধু টিনশেডের সমস্যাই নয়, বিদ্যালয়টিতে রয়েছে আরও নানা অবকাঠামোগত সংকট। শিক্ষার্থীদের জন্য কোনো কমনরুম নেই, নারী শিক্ষক ও শিক্ষার্থীদের নামাজের আলাদা কক্ষ নেই, নেই পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা। এছাড়া একই কক্ষে বিজ্ঞানাগার ও লাইব্রেরির কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন,
"বিদ্যালয়টিতে প্রায় এক হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। কিন্তু নানা অবকাঠামোগত সমস্যার কারণে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। একাডেমিক ভবনের ছাদ থেকেও পানি চুঁইয়ে পড়ে। গত বছর পানি পড়ে চারটি সিলিং ফ্যান নষ্ট হয়েছে। জরুরি ভিত্তিতে ভবনগুলো সংস্কার করা হলে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন সংস্কারসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের সমস্যাগুলোর দ্রুত সমাধান করা জরুরি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF