Logo
প্রিন্টের তারিখ: 23 July 2026 | প্রকাশের তারিখ: Jul 23, 2026

সংবাদ শিরোনাম : মেসি ম্যাজিকেই বিশ্বকাপে ৩-০ গোলে বড় জয় আর্জেন্টিনার

মেসি ম্যাজিকেই বিশ্বকাপে ৩-০ গোলে বড় জয় আর্জেন্টিনার
স্পোর্টস ডেস্ক | দেশ জনতা

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন কেন তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলা হয়। ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় উপহার দিয়েছেন তিনি। 

কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা ফুটবল টিম। দলের আক্রমণের কেন্দ্রবিন্দু ছিলেন মেসি। ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। 

এই হ্যাটট্রিকের মাধ্যমে মেসি বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। তার বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে, যা জার্মান কিংবদন্তি  মিরোস্লাভ ক্লোসা এর সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান। 

এছাড়া ৩৮ বছর বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক করে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। 

ম্যাচ শেষে আবেগাপ্লুত মেসিকে চোখের জল মুছতে দেখা যায়। পরে তিনি জানান, সাম্প্রতিক কিছু ব্যক্তিগত কঠিন সময়ের কারণে তিনি আবেগ ধরে রাখতে পারেননি। একই সঙ্গে তিনি সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

শিরোপাধারী আর্জেন্টিনার জন্য এটি ছিল স্বপ্নের সূচনা। মেসির জাদুকরী পারফরম্যান্সে বিশ্বকাপ মঞ্চে নিজেদের শক্তির জানান দিয়েছে দলটি। এখন ফুটবলপ্রেমীদের নজর থাকবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে, যেখানে মেসি আরও নতুন ইতিহাস লিখতে পারেন। 

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF