Logo
প্রিন্টের তারিখ: 23 July 2026 | প্রকাশের তারিখ: Jul 23, 2026

সংবাদ শিরোনাম : ট্রাকচাপায় সিরাজগ‌ঞ্জে এটিএসআই নুরুল ইসলাম নিহত

ট্রাকচাপায় সিরাজগ‌ঞ্জে এটিএসআই নুরুল ইসলাম নিহত
আশরাফুল ইসলাম জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে দায়িত্ব পালনকালে যমুনা সেতুর পশ্চিম পাড় এলাকায়  ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) নুরুল ইসলাম নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৬ জুন) বিকেল পৌনে ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক মো: ত‌রিবুর রহমান গুরুতর আহত হয়েছেন তিনি পঞ্চগড় সদর উপজেলার মৃত সিরাজউদ্দিনের ছেলে। পুলিশ এঘটনায়  ট্রাকটি জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যমুনা সেতুর পশ্চিম পাড় এলাকায়  ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিলেন এটিএসআই নুরুল ইসলাম। এ সময় ঢাকাগামী একটি ট্রাক দ্রুতগতিতে  অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। অভিযোগ রয়েছে, রং সাইড ব্যবহার করে ট্রাকটি ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দায়িত্বরত এটিএসআই নুরুল ইসলামকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা অতিদ্রুত ঘটনাস্থলে ছুটে যান। গুরুতর আহত ট্রাকচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের পরিদর্শক মোফাকখারুল ইসলামি এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটিএসআই নুরুল ইসলাম অত্যন্ত দায়িত্বশীল, কর্মঠ ও সৎ একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। আজ বিকেলে দায়িত্ব পালনরত অবস্থায় ঢাকাগামী একটি ডিসট্রিক্ট ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, নুরুল ইসলামের মৃত্যু  তার পরিবারের জন্য নয়, পুরো ট্রাফিক বিভাগের জন্য অপূরণীয় ক্ষতি হ‌য়ে‌ছে। একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে আমরা হারালাম।

এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় সময়  ট্রাকচালকও গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুলিশ ও ট্রাফিক সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহকর্মীরা জানান, নুরুল ইসলাম দায়িত্ব পালনে অত্যন্ত আন্তরিক ও নিষ্ঠারসাথে  নিরলসভাবে কাজ করতেন। দায়িত্ব পালনরত অবস্থায় তার এমন মৃত্যুতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যেও  শোকের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছে, যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে প্রায়ই বেপরোয়া গতি, রং সাইড ব্যবহার এবং ঝুঁকিপূর্ণ ভাবে ওভারটেকিংয়ের ঘটনা ঘটে। এসব অনিয়ম বন্ধে কঠোর নজরদারি ও কঠোর  আইন প্রয়োগের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে দায়িত্ব পালনরত অবস্থায় নিহত পুলিশ কর্মকর্তা নুরুল ইসলামের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।



© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF