আরিফুর রহমান খান, রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা (হালদার পাড়া) গ্রামে বাড়ির পানির ট্যাংকী মেরামত করাকে কেন্দ্র করে এক টেইলার্স ব্যবসায়ী ও তাঁর স্ত্রীর ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শ্রী দীপক কুমার দাস (৫৫) বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল ২৩ সেপ্টেম্বর সকালে পানির ট্যাংক থেকে পানি পরাকে কেন্দ্র করে প্রতিবেশী বিবাদী জয়দেব চন্দ্র হালদার (৫৭) ও তাঁর সহযোগীরা দীপক কুমার দাসের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন। সে সময় দীপক বাবু মিস্ত্রি ডেকে এনে পানির ট্যাংকটি ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান।
পরবর্তীতে আনুমানিক বেলা ১১:৩০ ঘটিকার সময় বিবাদী জয়দেব চন্দ্র হালদার, পিন্টু চন্দ্র হালদার (৩০), নিতাই চন্দ্র দাস (৫০), বলরাম হালদার (৩৬), ঝন্টু চন্দ্র হালদার (৪৮) সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন লাঠিসোঁটা নিয়ে দীপক কুমার দাসের বাড়িতে চড়াও হন। তাঁরা দীপক বাবুর স্ত্রী অর্চনা রানী দাস (৪২)-এর সঙ্গে কথাকাটাকাটি ও ঝামেলা শুরু করেন।
খবর পেয়ে দীপক কুমার দাস ঘটনাস্থলে এসে তাঁদের শান্ত করার চেষ্টা করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।একপর্যায়ে বিবাদীরা দীপক কুমার দাস ও তাঁর স্ত্রী অর্চনা রানী দাসের ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তাঁদের রক্তাক্ত ও জখম করেন। হামলার সময় অর্চনা রানীর গলা ও নাক থেকে স্বর্ণের অলঙ্কার এবং দীপক দাসের পকেট থেকে নগদ ৮০,০০০ (আশি হাজার) টাকা লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।ডাকচিৎকার শুনে আশেপাশের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে ভুক্তভোগী দীপক কুমার দাস রায়গঞ্জ থানায় হাজির হয়ে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এই লিখিত আবেদন জানান।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগপত্রটি পাওয়া গেছে। ঘটনাটির সুষ্ঠু ও সরজমিনে তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।