মুকুল হোসেন, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বয়রা ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে প্রায় ৭০০ জন শিক্ষার্থী এবং ১৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। লেখাপড়ার মান ভালো হওয়ায় দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসে। তবে বিদ্যালয়ের মাঠের চারপাশের জমি উঁচু হয়ে যাওয়ায় বৃষ্টির পানি মাঠে জমে থাকে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘসময় জলাবদ্ধতা বিরাজ করে।
এর ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ করতে কাদা ও পানি মাড়িয়ে যেতে হয়। পাশাপাশি মাঠ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় শারীরিক শিক্ষা ও খেলাধুলার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
দশম শ্রেণির শিক্ষার্থী মো. তানভীর রহমান বলেন, মাঠে পানি জমে থাকায় আমরা শারীরিক শিক্ষা ক্লাস ও খেলাধুলা করতে পারি না। ফুটবল ও ক্রিকেট খেলা বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী মোবাইল ফোনে বেশি সময় কাটাচ্ছে। আমরা চাই, দ্রুত মাঠ সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।
একই শ্রেণির শিক্ষার্থী সেজুতি খাতুন বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান অনেক ভালো। কিন্তু সামান্য বৃষ্টি হলেই মাঠ পানিতে তলিয়ে যায়। এতে চলাচল ও খেলাধুলা দুটিই ব্যাহত হয়। মাঠে মাটি ভরাট ও স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে আমরা অনেক উপকৃত হব।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, বৃষ্টি হলেই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, মাঠের পাশের স্থানীয় লোকজন তাদের জমি উঁচু করায় বিদ্যালয়ের মাঠ নিচু হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি জমে থাকে। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ নেওয়া হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে এবং শিক্ষক-শিক্ষার্থীরা স্বস্তিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বয়ড়া ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।